রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ‘এলেক্স ইমন’ গ্রুপের মূলহোতা ইমন ওরফে এলেক্স ইমন নিহত হয়েছেন। রোববার বিকেলে রায়েরবাজার বুদ্ধিজীবী বেড়িবাঁধ সড়কের ঢালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ডিএমপির মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন সাইফ, তুহিন ও রাব্বি কাজী। তাঁদের কাছ থেকে তিনটি চাপাতি, একটি কাটার ও একটি স্টিলের পাত উদ্ধার করেছে পুলিশ। নিহত ইমনের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলেক্স ইমন গ্রুপের সঙ্গে আরমান-শাহরুখ গ্রুপের দীর্ঘদিনের বিরোধ ছিল। আজ বিকেলে দুই গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইমন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে। কিশোর গ্যাংয়ের এই দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গ্রেফতারকৃতরা কোন গ্রুপের সদস্য, সে বিষয়ে অধিকতর তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।







