যুক্তরাষ্ট্রের ইরানি বন্দরগুলোতে অবরোধ জোরদারের ফলে সৃষ্ট পরিস্থিতিতে চীনের সম্ভাব্য জ্বালানি ঘাটতি পূরণে রাশিয়া সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
বুধবার (১৫ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, চীনসহ যেসব দেশ পারস্পরিক স্বার্থের ভিত্তিতে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী, তাদের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে মস্কো সক্ষম।
লাভরভ আরও উল্লেখ করেন, বৈশ্বিক অস্থিরতার মধ্যেও রাশিয়া-চীন সম্পর্ক দৃঢ় রয়েছে। তার মতে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করেছে।
এদিকে, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ কঠোর হওয়ায় চীনের জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে, কারণ দেশটি ইরানি তেলের অন্যতম বড় ক্রেতা। তবে ওয়াশিংটন ইতোমধ্যে স্পষ্ট করেছে, চলমান অবরোধের মধ্যে বেইজিংকে ইরান থেকে তেল আমদানি করতে দেওয়া হবে না।
এই প্রেক্ষাপটে রাশিয়ার প্রস্তাবকে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন ভূরাজনৈতিক সমীকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
সূত্র: আল-জাজিরা
