ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানে ইরান। তখন প্রশ্ন ওঠে, কীভাবে তারা এত নিখুঁতভাবে লক্ষ্য নির্ধারণ করতে সক্ষম হলো। এ বিষয়ে অনুসন্ধান করে লন্ডনভিত্তিক গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।
গণমাধ্যমটির প্রতিবেদনে সূত্রের বরাতে বলা হয়, ইরান গোপনে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করেছে, যা মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ঘাঁটিগুলো শনাক্ত করতে সহায়তা দেয়।
প্রতিবেদন অনুযায়ী, ‘টিইই-০১বি’ নামের স্যাটেলাইটটি চীনা কোম্পানি আর্থ আই কো’র তৈরি ও উৎক্ষেপিত। ২০২৪ সালের শেষ দিকে এটি মহাকাশে পাঠানো হয় এবং পরে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অ্যারোস্পেস ইউনিট এর নিয়ন্ত্রণ নেয়।
ফাঁস হওয়া ইরানি সামরিক নথির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই স্যাটেলাইটের মাধ্যমে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এতে নির্দিষ্ট সময়, স্থানাঙ্ক, স্যাটেলাইট চিত্র এবং কক্ষপথ বিশ্লেষণ সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত ছিল।
ফিন্যান্সিয়াল টাইমস আরও জানায়, মার্চ মাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ছবি সংগ্রহ করা হয়, যা ইরানের হামলাকে আরও কার্যকর করে তোলে।
এ বিষয়ে মন্তব্য জানতে বার্তা সংস্থা রয়টার্স হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন, চীনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর্থ আই কো এবং ইমপোস্যাটের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইরানও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
