দেশে চলমান জ্বালানি সংকট নিরসনে গঠিত উচ্চপর্যায়ের বিশেষ কমিটিতে বিরোধী দলের ৫ সদস্যের নাম ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর প্রস্তাবের প্রেক্ষিতে তিনি এই নামগুলো প্রকাশ করেন। এই প্রতিনিধি দল সরকারি দলের ৫ সদস্যের সঙ্গে সমন্বয় করে জ্বালানি সমস্যা সমাধানে কাজ করবে।
অধিবেশনে শফিকুর রহমান বলেন, জ্বালানি সমস্যা নিরসনে উভয় পক্ষের অংশগ্রহণে একটি কমিটি গঠন কার্যকর ভূমিকা রাখবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমলে নিয়ে কমিটি গঠনের প্রস্তাব পেশ করায় তিনি সংসদ নেতাকে ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সরকারি দলের পক্ষ থেকে পাঁচজন সদস্যের নাম ঘোষণা করেছিলেন, যার প্রেক্ষিতে বিরোধী দলও তাদের সদস্যদের চূড়ান্ত করল।
কমিটির জন্য মনোনীত বিরোধী দলের ৫ সদস্য হলেন—সাইফুল আলম খান (ঢাকা-১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আবদুল বাতেন (ঢাকা-১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট-৫)। তারা দেশের বর্তমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা ও উত্তরণের উপায় খুঁজে বের করতে সরকারি দলের প্রতিনিধিদের সাথে একযোগে কাজ করবেন।
বিরোধীদলীয় নেতা আশা প্রকাশ করেন যে, এই যৌথ কমিটির মাধ্যমে দ্রুত একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে। সংসদে সরকারি ও বিরোধী দলের এই সমন্বিত উদ্যোগকে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। বর্তমানে দেশজুড়ে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এই কমিটির কার্যক্রমের দিকে নজর থাকবে সাধারণ মানুষের।
