সিলেট মহানগরী এলাকায় অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রত্যাহার করে নিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে আগের দিন জারি করা ওই গণবিজ্ঞপ্তিটি বাতিলের ঘোষণা দেওয়া হয়। ফলে একদিনের মাথায় এই বিতর্কিত সিদ্ধান্তের অবসান ঘটল।
এর আগে বুধবার এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, যথাযথ নিবন্ধন ছাড়াই কিছু অনলাইন পোর্টাল অসত্য ও মানহানিকর সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এ প্রেক্ষাপটে ১ মে সন্ধ্যা ৬টার মধ্যে দেশি-বিদেশি ডোমেইন থেকে অনিবন্ধিত পোর্টালগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে সেসব সংবাদ শেয়ার বা লাইক করা থেকেও বিরত থাকার অনুরোধ জানানো হয়।
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০)-এর দোহাই দিয়ে পুলিশ এই নির্দেশনা দিলেও তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। তবে একদিন পার হতেই সেই অবস্থান থেকে সরে আসে সিলেট মেট্রোপলিটন পুলিশ। নতুন বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৯ এপ্রিল জারিকৃত সেই গণবিজ্ঞপ্তিটি এখন থেকে সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে।
পুলিশের পক্ষ থেকে হঠাৎ এমন কঠোর নির্দেশ এবং তা আবার দ্রুত প্রত্যাহারের বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মী ও সচেতন মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কেন এই বিজ্ঞপ্তি বাতিল করা হলো, সে বিষয়ে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করা হয়নি। বর্তমানে সিলেটে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার ক্ষেত্রে আগের মতোই পরিস্থিতি বহাল থাকছে।
