হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোনের আয়োজনে ২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার শহীদদের স্মরণে একটি আবেগঘন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে রাজধানীর বারিধারা মাদ্রাসায় শ্রদ্ধা ও গাম্ভীর্যের পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে বিপুলসংখ্যক আলেম-উলামা, তালাবা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ মধুপুরী। তিনি দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি শাপলা চত্বরে নিহতদের রুহের মাগফিরাত কামনায় আবেগাপ্লুত হয়ে দোয়া করেন। একই সঙ্গে দেশের শান্তি ও স্থিতিশীলতা এবং ইসলামের খেদমতে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাওফিক কামনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা ড. শোয়াইব আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাবের কাসেমী, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমীসহ শীর্ষ নেতারা।
বক্তারা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত ঘটনাকে জাতির ইতিহাসের এক বেদনাময় অধ্যায় হিসেবে উল্লেখ করে এর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
হেফাজতে ইসলাম বাংলাদেশ বারিধারা জোনের সভাপতি মুফতি আমজাদ হোসাইন হেলালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ কখনোই বিফলে যেতে পারে না। তাদের স্মৃতি অম্লান রাখতে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে সোচ্চার হতে হবে।
শেষে দেশ-জাতির কল্যাণ, উম্মাহর ঐক্য এবং সকল শহীদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
