সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সাধারণ জনগণকে সরাসরি টেলিভিশনের পর্দায় অ্যাসল্ট রাইফেল বা স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র চালানোর বিশেষ সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সাধারণ নাগরিকদের যুদ্ধক্ষেত্রের প্রাথমিক কৌশল শেখানোর এই নজিরবিহীন উদ্যোগ শুরু হয়েছে।
তেহরানের এই বিশেষ পদক্ষেপকে দেশটির ‘জাতীয় যুদ্ধ প্রস্তুতি’ উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক ভূ-রাজনীতির চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নাগরিকদের যেকোনো জরুরি অবস্থার জন্য প্রস্তুত রাখতেই এই ভিন্নধর্মী প্রচারণার আয়োজন করা হয়েছে।
এখন দেশটির বিভিন্ন টিভি চ্যানেলে রীতিমতো নিয়ম করে সময় নির্ধারণ করে এই প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রচার করা হচ্ছে। এতে দক্ষ সামরিক প্রশিক্ষকদের মাধ্যমে কীভাবে একটি অ্যাসল্ট রাইফেল বা আগ্নেয়াস্ত্র নিশানা করতে হয়, লোড করতে হয় এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজের আত্মরক্ষা করতে হয়, তা বিস্তারিতভাবে সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হচ্ছে।
