সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর এই প্রথমবারের মতো কোনো বিদেশি সামরিক মহড়ায় অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনী। তুরস্কের আয়োজনে চলমান আন্তর্জাতিক সামরিক মহড়া “EFES-২০২৬”-এ সিরীয় সেনারা তাদের সরব উপস্থিতি জানান দিয়েছে। ন্যাটোভুক্ত দেশসহ বিশ্বের প্রায় ৫০টি দেশের অংশগ্রহণে আয়োজিত এই বিশাল সামরিক মহড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে সিরিয়ার নতুন সামরিক অবস্থানের জানান দিচ্ছে।
সিরিয়া এই মহড়ায় নিজেদের বিশেষ একটি ইউনিট পাঠিয়েছে, যারা আকাশপথে অভিযান পরিচালনা, সাঁজোয়া যান চালনা এবং দক্ষ স্নাইপার প্রশিক্ষণের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের সক্ষমতা প্রদর্শন করছে। এই অংশগ্রহণ আসাদ পরবর্তী সিরিয়ার সামরিক পুনর্গঠন এবং আন্তর্জাতিক সামরিক মিত্রতার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।
মহড়া চলাকালে সিরিয়ার সেনাপ্রধান সরাসরি তুরস্ক সফর করেন এবং মাঠ পর্যায়ে অভিযানের কৌশলগুলো পর্যবেক্ষণ করেন। এই সফর এবং মহড়ায় সিরিয়ার অংশগ্রহণ দুই দেশের মধ্যে চলমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দিচ্ছে। আসাদ সরকারের পতনের পর সিরিয়ার এমন আন্তর্জাতিক সামরিক পদচারণা দেশটির পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতিরই বহিঃপ্রকাশ।
