জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ক্ষমতার অপব্যবহার কখনো স্থায়ী হয় না। জুলুম-নিপীড়ন একসময় পাহাড়সম হয়ে ফিরে আসে তাদের দিকেই, যারা নিজেদের অপ্রতিরোধ্য মনে করে।
রোববার নিজের ফেসবুক পোস্টে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, দেশে আবারও পুরোনো রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসছে, যেখানে ভিন্নমত দমন, হামলাকারীদের প্রশ্রয় এবং ভুক্তভোগীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনা বাড়ছে।
হাসনাত আবদুল্লাহ বলেন, আদালতকেও ধীরে ধীরে দলীয় স্বার্থ হাসিলের হাতিয়ারে পরিণত করা হচ্ছে। তার দাবি, ঝিনাইদহ থেকে তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে, অথচ নাসিরুদ্দিন পাটোয়ারী ও তারেক রেজার ওপর প্রকাশ্যে হামলা চালানো ব্যক্তিরা জামিনে মুক্ত অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, অয়ন রহমানকে ডিবি পুলিশ তুলে নেওয়ার পরও এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। এসব ঘটনায় কেউ হয়তো সাময়িকভাবে শক্তি প্রদর্শনের সুযোগ পাচ্ছে, তবে ইতিহাস বলে ক্ষমতার অপব্যবহার কখনো দীর্ঘস্থায়ী হয় না।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আজ হয়তো কেউ হাসবে, তামাশা করবে, নিজেদের খুব শক্তিশালী ভাববে। কিন্তু জুলুম জমতে জমতে একসময় পাহাড় হয়, আর সেই পাহাড় একদিন ফিরে আসে তাদের দিকেই, যারা ভেবেছিল সবকিছু নিয়ন্ত্রণে আছে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
