বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি যদি ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখে, তবে তাদের মনে রাখা উচিত যে হাসিনার মতো স্বৈরাচারকেও দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে হয়েছে। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের আপামর মানুষ যদি আবারও অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নামে, তবে আপনারা পালিয়ে যাওয়ার নূন্যতম পথও খুঁজে পাবেন না।
শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ইসলামী ছাত্রশিবির আয়োজিত সাবেক ও বর্তমান দায়িত্বশীল এবং জনশক্তিদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাত্রশিবিরের এই কেন্দ্রীয় নেতা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে বিভিন্ন মহলের ভূমিকার তীব্র সমালোচনা করেন।
নুরুল ইসলাম সাদ্দাম তাঁর বক্তব্যে আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের বিভিন্ন স্থানে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সারা দেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও লুটপাট অব্যাহতভাবে চলছে। তিনি পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, চলতি বছরের জানুয়ারি থেকে শুরু করে মে মাসের ২০ তারিখ পর্যন্ত দেশে অন্তত ১১৮ জন শিশু ও নারীকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে এবং অনেককে ধর্ষণের পর হত্যাও করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, অতীতে এসব অনাকাঙ্ক্ষিত ধর্ষণ ও জঘন্য হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হলে সমাজে এমন অপরাধের পুনরাবৃত্তি ঘটত না। মূলত বিচারহীনতার সংস্কৃতি জেঁকে বসার কারণেই দেশে একের পর এক হত্যাকাণ্ড ও অপরাধের ঘটনা ঘটে চলেছে। তিনি অবিলম্বে সব অপরাধের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবি জানান।
নড়াইল জেলা ছাত্রশিবিরের সভাপতি এস এম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক তাজ মোহাম্মদের সঞ্চালনায় এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ওবায়দুল্লাহ কায়সারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
