ইরানি থেকে নিক্ষিপ্ত ড্রোনের আঘাতে কুয়েতের বিমানবন্দরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহুসংখ্যক মানুষ আহত হয়েছেন। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সৌদ আবদুলাজিজ আল-ওতাইবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতি থেকে জানা গেছে, আজ বুধবার কুয়েতের স্থানীয় সময় বেলা ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিট) কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালে একাধিক ইরানি ড্রোন আঘাত হানে। বিস্ফোরকবাহী এই সামরিক ড্রোনগুলোর জোরালো আঘাতে বিমানবন্দরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ার পাশাপাশি অনেকেই আহত হয়েছেন।
মুখপাত্র আল-ওতাইবি তাঁর বিবৃতিতে আহতের সুনির্দিষ্ট সংখ্যা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ এখনো দেননি। তবে তিনি জানিয়েছেন, এই ভয়াবহ হামলার পর থেকে বিমানবন্দরে সব ধরনের বাণিজ্যিক ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বিবৃতিতে আল-ওতাইবি আরও উল্লেখ করেন, কুয়েতের সশস্ত্র বাহিনী সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে তারা পূর্ণ প্রস্তুত অবস্থায় রয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এই হামলা সংক্রান্ত কোনো তথ্য বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
উল্লেখ্য, বিমানবন্দরে এই ড্রোন হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে স্থানীয় সময় শেষরাতের দিকে কুয়েতের মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর। তবে সে সময় অত্যন্ত সতর্কতার সাথে এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সেই ক্ষেপণাস্ত্র হামলাটি সফলভাবে ঠেকিয়ে দিয়েছিল কুয়েতের প্রতিরক্ষা বাহিনী।
