ঝালকাঠি কালীবাড়ি মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তীকে ২০ পিস ইয়াবাসহ শহরের শীতলাখোলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সন্ধ্যা ৭টায় ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
ইয়াবাসহ শহরের অন্যতম প্রধান ও বড় মন্দিরের পুরোহিত গ্রেপ্তার হওয়ার ঘটনাটি ঝালকাঠিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং এটি এখন স্থানীয়দের মাঝে ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।
এদিকে, এই ঘটনার পর পরই কঠোর অবস্থান নিয়েছে কালীবাড়ি মন্দির কর্তৃপক্ষ। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা অভিযুক্ত পুরোহিত সুমন চক্রবর্তীকে মন্দির থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়েছে।
এ প্রসঙ্গে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, গ্রেপ্তারের পর এসআই (নিঃ) মো. তারিফুল ইসলাম বাদী হয়ে সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
