হিল্লা বিয়ের নামে প্রচলিত ‘পাতানো বিয়ে’কে কবিরা গুনাহ এবং শরিয়তের বিধানের অপব্যবহার হিসেবে আখ্যায়িত করে এ ধরনের কার্যক্রম থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় আলেম ও ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।
পোস্টে তিনি সুনানে ইবনে মাজার একটি হাদিসের উদ্ধৃতিসহ একটি ব্যানারও শেয়ার করেন। সেখানে হিল্লা বিয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে ‘ভাড়াটে পাঁঠা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। হাদিসে বলা হয়েছে—
“রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমি কি তোমাদের ‘ভাড়াটে পাঁঠা’ সম্পর্কে বলব না? সাহাবিরা জিজ্ঞেস করলেন, অবশ্যই হে আল্লাহর রাসুল! তিনি বলেন, সে হলো তাহলীলকারী (হিল্লাকারী)। আল্লাহ তাআলা তাহলীলকারী এবং যার জন্য তাহলীল করা হয়—উভয়কেই অভিশাপ দিয়েছেন।”
ড. মিজানুর রহমান আজহারী বলেন, ইসলামি শরিয়তের প্রতিটি বিধানই আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত এবং তা মানবকল্যাণ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রণীত। তাই কোনো মুসলিমের জন্য শরিয়তের বিধানকে অপব্যবহার করা বা কৌশলে বিকৃত করা গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, স্বাভাবিক বিয়েতে কোনো নিষেধ নেই। তবে যে বিয়ে পূর্বপরিকল্পিতভাবে কেবল পূর্বের স্বামীর জন্য নারীকে পুনরায় হালাল করার উদ্দেশ্যে করা হয়, সেটিই হিল্লা বিয়ে এবং ইসলামে এটি নিষিদ্ধ।
তিনি ব্যাখ্যা করে বলেন, তিন তালাকের পর কোনো নারী যদি স্বাভাবিকভাবে অন্যত্র বিয়ে করেন এবং পরবর্তীতে কোনো স্বাভাবিক কারণে সেই বিয়ে ভেঙে যায়, তবে ইদ্দত শেষ হওয়ার পর পূর্বের স্বামীর সঙ্গে পুনরায় বিয়েতে কোনো বাধা নেই।
