হঠাৎ করেই বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। হঠাৎ করেই অসংখ্য ব্যবহারকারীর ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউনিলেইড জানিয়েছে, ফেসবুকের হাজার হাজার ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন।
আউটেজ ট্র্যাকিং সাইট ‘ফাস্টডাউন’ বাংলাদেশ সময় শুক্রবার (১২ জুন) রাত প্রায় ৮টার দিকে জানায়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক চালাতে সমস্যা হওয়ার বিষয়ে রিপোর্ট করেছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি ব্যবহারকারী এই অভিযোগ জমা দিয়েছেন।
আরেকটি জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ‘ডাউন ডিটেক্টর’ জানিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা ব্যাপকভাবে সমস্যার ব্যাপারে রিপোর্ট করা শুরু করেছেন। ইতিমধ্যেই সাড়ে ৭ হাজারেরও বেশি ব্যবহারকারী তাদের সমস্যার কথা সাইটটিতে জানিয়েছেন।
ভুক্তভোগী অনেক ব্যবহারকারী জানিয়েছেন, অটো লগআউট হওয়ার পর তারা আর পুনরায় অ্যাকাউন্টে লগইন করতে পারছেন না। অনেকের স্ক্রিনে ইংরেজিতে ‘This page is not available right now’ (এই পৃষ্ঠাটি এখন উপলব্ধ নয়) লেখা সম্বলিত একটি বার্তা ভেসে উঠছে। ফেসবুক ও মেসেঞ্জারের পাশাপাশি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরাও একই সমস্যার সম্মুখীন হচ্ছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের এই বৈশ্বিক বিভ্রাট ঠিক কী কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কতক্ষণ এই সমস্যা চলবে, সে বিষয়েও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ফেসবুক ও মেসেঞ্জার বন্ধ থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমের বিকল্প প্ল্যাটফর্মগুলোতে অনেক ব্যবহারকারী তাদের ভোগান্তির কথা শেয়ার করছেন। কেউ লগইন করতে না পারার, আবার কেউ নিউজ ফিড লোড না হওয়ার অভিযোগ করছেন। উদ্ভূত পরিস্থিতিতে ফেসবুক ব্যবহারকারীদের আপাতত আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
