বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই ধারাবাহিকতা বজায় রাখতে ব্যাংকটির পরিচালনা কাঠামো থেকে এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ এবং সৎ ও দক্ষ ব্যক্তিদের সমন্বয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন প্রয়োজন।
শুক্রবার রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চকবাজার-বংশাল জোন আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার দাবি করেন, অতীতে ইসলামী ব্যাংককে কেন্দ্র করে যে অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে, তার সঙ্গে জড়িতদের প্রভাবমুক্ত করে ব্যাংকটির সুশাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে একজন যোগ্য, সৎ ও দক্ষ ব্যক্তিকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি সরকারের প্রস্তাবিত বাজেটেরও সমালোচনা করেন এবং তা সংশোধন করে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান।
জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের দমন-পীড়নের মুখোমুখি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক চাপ প্রয়োগ করে দলটিকে দমিয়ে রাখা সম্ভব নয়। নতুন বাংলাদেশ গঠনে সরকারকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে তার রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে।
তিনি আরও বলেন, সরকার নির্বাচনের আগে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গণভোট, সংস্কার প্রস্তাব এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, বর্তমান শাসনব্যবস্থা অতীতের রাজনৈতিক সংস্কৃতির ধারাবাহিকতা বহন করছে।
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
