চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আবারও আলোচনায় এসেছে তারকাদের ব্যতিক্রমী উপহার বিতরণ। এর আগে একই মঞ্চে চিত্রনায়িকা অপু বিশ্বাস পেয়েছিলেন সোনার কলস। সেই ঘটনার পর এবার ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দেওয়া হলো বিশ্বখ্যাত সুইস বিলাসবহুল ব্র্যান্ড রোলেক্সের (Rolex) একটি মূল্যবান ঘড়ি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকা।
‘চাঁদ তারার গুঞ্জন’ নামের একটি বিশেষ অনুষ্ঠানের ধারণকালে এই চমকপ্রদ আয়োজন করা হয়। চিত্রনায়িকা পূর্ণিমার উপস্থাপনায় অনুষ্ঠানের সেটে শাকিব খানকে ঘড়িটি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, যিনি শাকিব খানের কবজিতে ঘড়িটি পরিয়ে দেন।
উপহার হিসেবে দেওয়া ঘড়িটি রোলেক্সের জনপ্রিয় ও অভিজাত মডেল ‘GMT-Master II Root Beer’ (Ref. 126715CHNR)। ঘড়িটির বডি ও ব্রেসলেট তৈরি হয়েছে রোলেক্সের নিজস্ব ১৮ ক্যারেট এভারোজ গোল্ড দিয়ে, যা দীর্ঘদিন উজ্জ্বলতা ও স্থায়িত্ব ধরে রাখার জন্য বিশেষভাবে পরিচিত। আন্তর্জাতিক বাজারে নতুন অবস্থায় এর অফিশিয়াল রিটেইল মূল্য প্রায় ৫৩ হাজার ১০০ মার্কিন ডলার।
ঘড়িটির অন্যতম আকর্ষণ এর দ্বি-রঙা সিরামিক বেজেল, যেখানে কালো ও চকোলেট ব্রাউন রঙের সমন্বয় রয়েছে। এই ডিজাইনের কারণে ঘড়িটি ঘড়িপ্রেমীদের কাছে ‘রুট বিয়ার’ নামে পরিচিত। এর বিশেষ প্রযুক্তি বা জিএমটি (GMT) ফিচারের মাধ্যমে একই সঙ্গে বিশ্বের তিনটি ভিন্ন টাইম জোনের সময় ট্র্যাক করা যায়, যা আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য উপযোগী।
এমন রাজকীয় উপহার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাকিব খান বলেন, “এটি সাগর ভাইয়ের (ফরিদুর রেজা সাগর) পক্ষেই সম্ভব। আমি আমার লাইফে যত গিফট পেয়েছি, টাকার অঙ্কের দিক থেকেও এটি অন্যতম বড়, আর ভালোবাসার দিক থেকেও এই গিফট আমার কাছে প্রাইসলেস।”
সুপারস্টার আরও যোগ করেন, “কিছুদিন আগে এক ছোটভাইয়ের সঙ্গে শেয়ার করছিলাম, একটা রোলেক্স ঘড়ি কেনার ইচ্ছা ছিল। কীভাবে যেন সেই কথা সাগর ভাইয়ের কান পর্যন্ত পৌঁছে যায়, এরপর যা হলো তা আমি সত্যিই বিশ্বাস করতে পারছিলাম না। এটি যতটা না দামি, তার চেয়ে বেশি অমূল্য ভালোবাসার দিক থেকে।” ঘড়িটি তিনি ব্যক্তিগত সংগ্রহশালায় রাখবেন বলে জানান।
অনুষ্ঠান সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘চাঁদ তারার গুঞ্জন’-এর এই বিশেষ পর্বটি শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে। উপহার দেওয়ার এই ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতোমধ্যে ব্যাপক আলোচনা ও কৌতুহল তৈরি হয়েছে।
