বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠক সৌহার্দ্যপূর্ণ ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন হয়। হাইকমিশনারের সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন এবং অ্যানা পিটারসন উপস্থিত ছিলেন।
ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকে অংশ নেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, মারজিয়া আক্তার এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
বৈঠকে ডা. শফিকুর রহমানের সম্ভাব্য অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের ভূমিকা, গণতন্ত্রকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার উপায় এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা এবং উন্নয়ন প্রসঙ্গও আলোচনায় গুরুত্ব পায়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়ন ও সহযোগিতার সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
আলোচনার একপর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার জাতীয় সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও দুই পক্ষ মতবিনিময় করেন।
