ভারতের ছত্তিশগড় রাজ্যে ক্ষমতাসীন বিজেপির এক নেতাসহ অন্তত তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। বালু উত্তোলনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার গভীর রাতে কোরিয়া জেলার সোনহাত থানার নওগাইন গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় বিজেপি নেতা ও সাবেক জনপদ পঞ্চায়েত সভাপতি ভারত সিং।
পরিবারের দাবি, বালু মহাল সংক্রান্ত একটি বিরোধের মীমাংসা করতে গিয়ে তিনি পরিকল্পিত হামলার শিকার হন।
অভিযোগ অনুযায়ী, একাধিক ট্রাক দিয়ে ভারত সিংয়ের বহনকারী একটি ফরচুনার এসইউভিকে ঘিরে ফেলা হয়। পরে গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ভেতর থেকে ভারত সিংসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অন্য দুজন হলেন বীরেন্দ্র সিং ও নগেন্দ্র সিং। হামলায় আহত মায়াঙ্ক সিং গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন অক্ষত ত্রিপাঠী, বিশাল ত্রিপাঠী, সত্যপ্রকাশ ত্রিপাঠী ও মন্নু ত্রিপাঠী।
হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই এলাকার বালু মহালের ইজারা ভারত সিংয়ের পরিবারের হাতে ছিল। বালু পরিবহন, খনি নিয়ন্ত্রণ এবং অর্থ বণ্টন নিয়ে আরেক বিজেপি নেতা মনোজ ত্রিপাঠীর পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
পুলিশের ধারণা, সেই বিরোধ থেকেই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
স্থানীয় বিধায়ক ভাইয়ালাল রাজওয়াড়ে এ ঘটনাকে জেলার ইতিহাসে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।
অন্যদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
