ঢাকার সাভারের আশুলিয়ায় একটি মাদ্রাসার নির্মাণাধীন ওয়াশরুম থেকে পাকিস্তানের তৈরি একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৪।
বৃহস্পতিবার (১৮ জুন) র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার বিকেলে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মাদ্রাসার অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদকদ্রব্য মজুদ রাখা হয়েছে। এরপর র্যাবের একটি টহল দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।
তল্লাশির সময় ওয়াশরুমের একটি টয়লেটের মেঝেতে ইটের নিচে রাখা ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগ থেকে সবুজ পলিথিনে মোড়ানো একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রটির ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা খোদাই করা ছিল বলে জানিয়েছে র্যাব।
এ ছাড়া উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা ছিল।
র্যাব-৪ এর এসআই মো. মিজানুর রহমান জানান, জব্দকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এগুলোর উৎস এবং কারা সেখানে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
