কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে কড়া সতর্কতা জারি করেছে প্রশাসন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে রাজধানী ঢাকাসহ দেশের ৬টি গুরুত্বপূর্ণ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।
প্রশাসনিক আদেশে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।
এই উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে সেনা মোতায়েন করা হচ্ছে। আজ ২২ জুন থেকে শুরু করে আগামী ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মাঠে থেকে দায়িত্ব পালন করবেন।
এদিকে মঙ্গলবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্মসূচির নামে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে, সেজন্য ডিএমপির ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য মাঠে সক্রিয় থাকবেন।
অন্যদিকে অপরাধ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের বড় কোনো কর্মসূচি বা শোডাউন করার মতো সাংগঠনিক সক্ষমতা বর্তমানে নেই। তা সত্ত্বেও যেকোনো ধরনের ঝটিকা মিছিল বা নাশকতামূলক তৎপরতা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করতে হবে।
