জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রোকেয়া বেগম বলেছেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশনের কর্মীরা গত তিন মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না। এ পরিস্থিতিতে প্রতিষ্ঠানটির জন্য জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।
রোকেয়া বেগম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন সংশ্লিষ্ট কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত রয়েছেন। তাদের স্বার্থ ও প্রতিষ্ঠানটির কার্যক্রম সচল রাখতে বাজেটে বিশেষ বরাদ্দ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের জন্য আইনি সুরক্ষার ব্যবস্থা করা হলেও এখনো রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে সরকারের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
এর আগে একই অধিবেশনে সংরক্ষিত নারী আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, বর্তমান সরকারের প্রতি আস্থা রেখে সবাইকে সহযোগিতা করা উচিত। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় ফিরে এলে তার বিরোধিতাকারীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় বিভিন্ন রাজনৈতিক, অর্থনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে সংসদ সদস্যরা বক্তব্য রাখছেন।
