প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চীন সফরে যোগ দিতে মঙ্গলবার রাতে ঢাকা ছাড়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং দলের যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে চীনের রাজধানী বেইজিংয়ে যোগ দেবেন।
বিএনপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, সফরকালে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও দ্বিপাক্ষিক কার্যক্রমে অংশ নেবেন।
এ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তিনজন পূর্ণমন্ত্রী দায়িত্ব পালন করছেন। তারা হলেন—পররাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং পানিসম্পদমন্ত্রী।
এর আগে গত রোববার বিকেলে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি দেশটি সফর করেন। মালয়েশিয়া সফর শেষে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে সরাসরি চীনে যান তিনি।
চীন সফরকালে আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। এছাড়া ২৬ জুন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
একই সফরে ২৩ থেকে ২৫ জুন লিয়াওনিং প্রদেশের দালিয়ানে অনুষ্ঠিত ‘নিউ চ্যাম্পিয়ন্স’-এর ১৭তম বার্ষিক সম্মেলন, যা ‘সামার দাভোস ফোরাম’ নামে পরিচিত, তাতেও অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। এ সম্মেলনে বিশ্বের ৯০টিরও বেশি দেশের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশগ্রহণ করছেন।
সরকারি সূত্রে জানা গেছে, মালয়েশিয়া সফরে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। অন্যদিকে চীন সফরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ জুন রাতে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
