দুর্নীতির অভিযোগে শাস্তিপ্রাপ্ত এক কর্মকর্তাকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নতুন ডিসি হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তা হলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আক্তার।
রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনকালে রোজী আক্তারের বিরুদ্ধে অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির একাধিক অভিযোগ ওঠে। অভিযোগগুলোর মধ্যে ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ, বিনা অনুমতিতে প্রশিক্ষণে অংশ না নেওয়া, সহকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গাড়িচালক না থাকার অজুহাতে বাসভবনে বসে দাফতরিক কাজ পরিচালনা এবং একটি প্রকল্পের ১ লাখ ৫৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ।
এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(ক), ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়।
তদন্ত শেষে অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ২০১৯ সালের ২৯ ডিসেম্বর জারি করা ৫৯৫ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে তিরস্কারসূচক লঘুদণ্ড দেওয়া হয়। তবে পরে তিনি রাষ্ট্রপতির কাছে আপিল আবেদন করেন। রাষ্ট্রপতি তার আবেদন মঞ্জুর করলে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা ৩১৮ নম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে ওই শাস্তি বাতিল করা হয়।
এদিকে, অতীতে শাস্তিপ্রাপ্ত একজন কর্মকর্তাকে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে সচিবালয়সহ বিভিন্ন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে।
