চট্টগ্রামের পটিয়ায় এক লাখ টাকা চাঁদা না পেয়ে মো. মামুন সিকদার (৫০) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে যুবদল নেতা মো. সোহেলের (৩৫) বিরুদ্ধে। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার ছনহরা ইউনিয়নের কেরিঞ্জা ব্রিজ এলাকায় এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। আহত মামুন সিকদার ছনহরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলে জানা গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, মামুন সিকদার আনোয়ারা খাল থেকে নৌকার (বোট) মাধ্যমে বালু এনে উপজেলার ছনহরা এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন। সোমবার দুপুরে বালুভর্তি একটি বোট ঘাটে আনার সময় আশিয়া এলাকার যুবদল নেতা মো. সোহেল তাঁর কাছে এসে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মামুন ওই দাবিকৃত চাঁদা দিতে স্পষ্ট অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এরই জেরে বিকেলে মামুন সিকদার কেরিঞ্জা ব্রিজ এলাকায় পৌঁছালে যুবদল নেতা সোহেল ও তার সাঙ্গপাঙ্গরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে তাকে লাঠিসোঁটা দিয়ে বেদম মারধর করে এবং একপর্যায়ে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় মামুনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর রক্তাক্ত অবস্থায় মামুন সিকদারকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর আঘাত গুরুতর হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বালু ব্যবসা ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক বিএনপি নেতাকে মারধরের ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
