বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, আর্তমানবতার সেবায় সমাজ ও রাষ্ট্রের যে দায়িত্বই তাদের ওপর অর্পিত হোক না কেন, তা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পালন করতে তারা অঙ্গীকারবদ্ধ। তিনি দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল ও শেরেবাংলা নগর দক্ষিণ উন্নয়ন ফোরামের উদ্যোগে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার নো’মান আহমেদি, জামায়াত নেতা আবু সাঈদ মণ্ডল, আবুল কালাম আজাদ ও সাজ্জাদ হোসেন বিপ্লবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাইফুল আলম খান মিলন বলেন, “আমরা সব কার্যক্রম ন্যায় ও ইনসাফের ভিত্তিতে পরিচালনা করতে চাই। কারা এই সহায়তা পাবেন, তা নির্ধারণে আমরা প্রাক-সমীক্ষা পরিচালনা করেছি। সেই সমীক্ষার ভিত্তিতেই প্রকৃত হকদারদের মধ্যে অর্থের চেক বিতরণ করা হচ্ছে। এ অর্থ কোনো নেতাকর্মী ভোগ করতে পারবেন না। এ ধরনের অশুভ চর্চার স্থান আমাদের মধ্যে নেই। কেউ অনুষ্ঠানে উপস্থিত হতে না পারলে আমাদের প্রতিনিধিরা তাদের কাছে পৌঁছে দেবেন।”
তিনি আসনের উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, “আমরা শুধু জাতীয় সংসদে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত হইনি; জনগণের সুখ-দুঃখে পাশে থাকা, তাদের প্রয়োজনের সময় সহযোগিতা করা এবং তাদের কল্যাণে কাজ করাও আমাদের দায়িত্ব। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”
