জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ও সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। বুধবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘আপাতত নতুন কোনো আপডেট নেই, তবে পুরো বিষয়টি প্রক্রিয়াধীন আছে। অবশ্যই একজন আসামি, যিনি অন্যায় ও গুরুতর অপরাধ করে অন্য দেশে অবস্থান করছেন এবং যার বিচার হয়ে সাজা হয়েছে, তাকে আমরা দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতেই সেই দণ্ড কার্যকর করতে চাই। দেশের সর্বস্তরের জনগণও সেটাই প্রত্যাশা করে এবং সেই লক্ষ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।’
বিগত ১৭ বছরে দেশ থেকে বিদেশে বিপুল পরিমাণ অর্থ পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। তিনি স্মরণ করিয়ে দেন যে, প্রধানমন্ত্রী ইতোমধ্যে জানিয়েছেন যে পাচার হওয়া অর্থ উদ্ধারে মোট ১০টি দেশের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
তিনি আরও উল্লেখ করেন, যেসব দেশে অর্থ পাচার হয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে এবং আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ বিষয়ে একটি নির্ধারিত ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। এটি রাতারাতি হওয়ার মতো কোনো বিষয় নয় এবং বেশ সময়সাপেক্ষ ব্যাপার।
তবে এই প্রক্রিয়ায় ইতিবাচক অগ্রগতি হচ্ছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আমাদের যে চুক্তিগুলো হয়েছে এবং বর্তমানে যে আলোচনা চলছে, সেগুলোর মাধ্যমে আমরা আগের চেয়ে একধাপ এগিয়েছি। বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়াটি সফল করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।’
