দেশের সব মাদরাসায় প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে জরুরি নির্দেশনা জারি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। সোমবার অধিদপ্তরের প্রশিক্ষণ ও শারীরিক শিক্ষা শাখা থেকে এ নির্দেশনা দেশের সব মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে পাঠানো হয়।
মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং তারুণ্যনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া চর্চার বিকল্প নেই। এ কারণে প্রতিদিন সমাবেশ (পিটি) ও খেলাধুলার আয়োজন করে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব মাদরাসায় সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) পদ শূন্য রয়েছে, সেখানে কর্মরত শিক্ষকদের মধ্য থেকে খেলাধুলায় দক্ষ ও উপযুক্ত কোনো শিক্ষককে সাময়িকভাবে এ দায়িত্ব প্রদান করতে হবে। পাশাপাশি শূন্য পদগুলো দ্রুত পূরণের জন্য বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
