আগস্ট মাসের শেষ দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইসিটি ও টেলিকম খাতের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকারি অর্থের অপচয় রোধে অতীতের অসমাপ্ত প্রকল্পগুলো পর্যবেক্ষণের মাধ্যমে দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে দায়িত্ব গ্রহণের পরই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন করা হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী আগস্টের শেষ নাগাদ কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।
এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী শিগগিরই ‘ওয়ান আইডি’ (One ID) প্রকল্পের কাজ শুরু হবে। এই ডিজিটাল পরিচয় ব্যবস্থায় একজন নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রয়োজনীয় সব তথ্য একক প্ল্যাটফর্মে সংরক্ষিত থাকবে।
