প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দেশের প্রশাসনিক ব্যবস্থার দলীয়করণ রোধে এই মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে সারজিস আলম উল্লেখ করেন, রাজনৈতিক পটপরিবর্তন ও ক্ষমতার সমীকরণ স্থায়ী নয়। আওয়ামী লীগ একসময় ক্ষমতায় ছিল, এখন নেই; একইভাবে বিএনপি আজ ক্ষমতায় থাকলেও কাল নাও থাকতে পারে। ফলে ক্ষমতার রাজনৈতিক সমীকরণের পরিবর্তনকে মাথায় রেখে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
তিনি চরম হুঁশিয়ারি ব্যক্ত করে বলেন, প্রশাসন যদি নিরপেক্ষতা বিসর্জন দিয়ে আবারও কোনো দলের দালালি শুরু করে এবং পেশাদারিত্ব ভুলে ক্ষমতার কাছে নতিস্বীকার করে, তবে তার পরিণতি হবে মারাত্মক। ভবিষ্যতে দলীয়করণের সেই দায়ের কারণে সমাজে মুখ দেখানো তো দূরের কথা, তাঁদের সন্তানরাও নিজেদের পরিচয় দিতে সংকোচবোধ করবে।
সারজিস আলম মনে করেন, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা বজায় রাখা একটি কাঙ্ক্ষিত ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য অত্যন্ত জরুরি। তাই পেশাগত মর্যাদা রক্ষা করে প্রশাসনিক কর্মকর্তাদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
