দেশের কওমি মাদরাসাভিত্তিক তথ্যভাণ্ডার ‘কওমিপিডিয়া’ দেশের শীর্ষ পাঁচ প্রভাবশালী ইসলামি আলোচকের একটি তালিকা প্রকাশ করেছে। ২৯ জুলাই প্রকাশিত এ তালিকায় প্রথম স্থানে রয়েছেন শায়খ আহমাদুল্লাহ।
শায়খ আহমাদুল্লাহ ধর্মীয় আলোচনার পাশাপাশি আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা ও বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার জন্য সুপরিচিত। তার বক্তব্য ও বিভিন্ন উদ্যোগ নিয়মিত জনআলোচনায় স্থান পায়।
দ্বিতীয় স্থানে রয়েছেন মাওলানা মিজানুর রহমান আজহারী। দীর্ঘদিন ধরে তিনি দেশের জনপ্রিয় ইসলামি বক্তাদের একজন। তার ওয়াজ, ধর্মীয় আলোচনা এবং সমসাময়িক নানা বিষয়ে বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি করে।
তৃতীয় স্থানে আছেন মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী। টেলিভিশন টকশো, সমসাময়িক ইস্যুতে মন্তব্য এবং অনলাইন প্ল্যাটফর্মে সক্রিয় উপস্থিতির কারণে তিনি পরিচিত। ধর্মীয় ও সামাজিক নানা বিষয়ে তার বক্তব্য প্রায়ই জনপরিসরে আলোচনার জন্ম দেয়।
চতুর্থ স্থানে রয়েছেন মুফতি রেজাউল করীম আবরার। বিভিন্ন ধর্মীয় মতপার্থক্য ও সমসাময়িক বিষয়ে স্পষ্ট অবস্থানের কারণে তিনি আলোচনায় থাকেন। কওমিপিডিয়ার মূল্যায়নে, তুলনামূলক কম বয়সেই তিনি উল্লেখযোগ্য পরিচিতি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ওলামা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মাওলানা আলী হাসান উসামা। সম্প্রতি খেলাফত মজলিস ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার পর তাকে ঘিরে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। কওমিপিডিয়ার মতে, রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে তার অবস্থান পরিবর্তন এবং পরবর্তী বক্তব্যগুলো তাকে সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ইসলামি বক্তায় পরিণত করেছে।
