পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটায় তাঁর দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন দলের আন্তর্জাতিক গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি। ব্রিটিশ দৈনিক দ্য অবজারভারকে তিনি বলেন, সরকারের ন্যূনতম দায়িত্ববোধ থাকলে ইমরান খানকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তাঁকে বর্তমানে সম্পূর্ণ নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং বোন, পরিবারের সদস্য কিংবা আইনজীবীদের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের নির্জন কক্ষে বন্দী থাকা ৭৩ বছর বয়সী ইমরান খানের কারাজীবনের তিন বছর পূর্ণ হতে চলেছে চলতি সপ্তাহে। সামরিক বাহিনীর সঙ্গে বিরোধের জের ধরে ২০২৩ সালে দুর্নীতির একটি মামলায় কারাবন্দী হওয়ার পর থেকে তিনি মূলত লোকচক্ষুর আড়ালে আছেন। এই দীর্ঘ সময়ে কেবল অনলাইন আদালতের শুনানির একটি ফাঁস হওয়া ছবিতে তাঁকে মাত্র একবার দেখা গেছে।
এদিকে দ্য অবজারভারকে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান ও কাসিম খান জানিয়েছেন, তাঁদের পক্ষে এখন আর ‘চুপ থাকা সম্ভব নয়’। গত সাত মাসেরও বেশি সময় ধরে তাঁদের বাবাকে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে উল্লেখ করে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন, দীর্ঘ ও কঠোর কারাবাসের কারণে তাঁর স্বাস্থ্য ভেঙে পড়েছে।
অন্যদিকে, পাকিস্তানের সামরিক বাহিনী ও ইমরানের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে দ্য অবজারভার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, সাবেক এই প্রধানমন্ত্রীকে কারামুক্ত করার বিষয়ে নেপথ্যে গোপনে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার স্বার্থেই এই রাজনৈতিক অস্থিরতা শেষ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
