চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় প্রবাসী স্বামীর চরম প্রতারণা ও দায়িত্বজ্ঞানহীন আচরণের জেরে এক্সক্যাভেটর (ভেকু) দিয়ে তাঁর ঘরবাড়ি গুঁড়িয়ে দিয়েছেন দ্বিতীয় স্ত্রীর ক্ষুব্ধ স্বজনেরা। রোববার (২ আগস্ট) উপজেলার নাগদাহ ইউনিয়নের খেজুরতলা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন মালয়েশিয়া প্রবাসী রফিউদ্দিন প্রথমে একই গ্রামের ছনিয়া খাতুনকে বিয়ে করেন। প্রবাসী স্বামী বিদেশে থাকায় ছনিয়া এক ইতালি প্রবাসীর সঙ্গে প্রেমের টানে চলে যান। পরবর্তীতে পারিবারিকভাবে বিষয়টি নিষ্পত্তির পর প্রথম স্ত্রীকে ছাড়াই রফিউদ্দিন দেশে ফিরে রিমা খাতুন নামে অপর এক তরুণীকে দ্বিতীয় বিয়ে করেন।
দ্বিতীয় বিয়ের মাত্র এক বছরের মাথায় রফিউদ্দিন পুনরায় তাঁর প্রথম স্ত্রী ছনিয়া খাতুনের সঙ্গে যোগাযোগ শুরু করেন এবং তাঁকে নিয়ে গোপনে মালয়েশিয়ায় পাড়ি জমান। রফিউদ্দিনের এই প্রতারণামূলক পদক্ষেপে দ্বিতীয় স্ত্রীর স্বজনেরা চরম ক্ষুব্ধ ও বেপরোয়া হয়ে ওঠেন। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে রোববার সকালে তারা এক্সক্যাভেটর এনে রফিউদ্দিনের ঘরবাড়ি পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে দেন।
এ ঘটনায় গ্রামের মানুষ রফিউদ্দিনের অপকর্মের তীব্র নিন্দা জানান এবং দ্বিতীয় স্ত্রীর জীবনের ক্ষতির জন্য তাঁর কঠিন শাস্তির দাবি তোলেন। বিষয়টি সম্পর্কে অবগত আছেন জানিয়ে আলমডাঙ্গা থানা পুলিশের কর্মকর্তা (ওসি) বানী ইসরায়েল বলেন, ক্ষতিগ্রস্ত বা সংশ্লিষ্ট পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
