দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে তাঁকে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি স্পষ্ট করে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ রাজপথে প্রস্তুত রয়েছে এবং ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়বে না।
সোমবার বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিবির মুক্তিযোদ্ধা স্মৃতি হলে আয়োজিত ‘শহীদ পরিবার ও আহতদের কণ্ঠে জনতার ১ দফা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম মন্তব্য করেন, শেখ হাসিনার পতনের একদফার আসল রূপকার হলেন জুলাই আন্দোলনের শহীদ ও আহত যোদ্ধারা। তিনি আরও হুঁশিয়ারি দেন, আওয়ামী লীগের পুনর্বাসন করে বাংলাদেশে রাজনীতি করার কোনো সুযোগ আর নেই, মুজিববাদের চিরতরে পতন ঘটেছে।
আলোচনা সভায় সরকারের নীতি ও রাজনৈতিক বাস্তবতার সমালোচনা করে এনসিপি আহ্বায়ক বলেন, দেশে আমলাতান্ত্রিক দলীয়করণ, চাঁদাবাজি ও দুর্নীতি নতুন রূপ পেয়েছে। দেশের উন্নয়ন বলতে কেবল লন্ডনগামী সুবিধাবাদীদের পরিবর্তন হয়েছে। তিনি অভিযোগ করেন, গত দুই বছরে বা বর্তমান সরকারের পাঁচ মাসে সংস্কারের পথে বাধা সৃষ্টি করা হয়েছে এবং সরকার জুলাই যোদ্ধাদের কল্যাণে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
রাষ্ট্র সংস্কারের ওপর জোর দিয়ে তিনি নতুন সংবিধান প্রণয়ন, গণভোটের রায় কার্যকর ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বিচার প্রক্রিয়ার একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি তোলেন তিনি। অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এমপিসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব এবং শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দেন।
