জুলাই অভ্যুত্থানের যোদ্ধা হিসেবে ছড়িয়ে পড়া ছবি ও প্রচারণাকে ভুয়া দাবি করে ময়মনসিংহের আল-আমীন নামের এক যুবকের আসল পরিচয় প্রকাশ্যে এসেছে। গণঅভ্যুত্থানের নামে আবেগ সৃষ্টি করে সুবিধা নেওয়ার অভিযোগ উঠে এসেছে তার বিরুদ্ধে। অনুসন্ধানে জানা গেছে, তার অঙ্গহানির পেছনে জুলাই বিপ্লবের কোনো ভূমিকা ছিল না।
অনুসন্ধানী তথ্য অনুযায়ী, ময়মনসিংহ সদরের বাসিন্দা আল-আমীন ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেই রাতেই অন্য একটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ৫ আগস্ট দিবাগত রাতে তিনি বন্ধুদের সঙ্গে দাপুনিয়া ইউনিয়নের কলপা গ্রামে ডাকাতি করতে যান। সেখানে গণপিটুনি ও গ্রামবাসীর হামলায় তিনি মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে চিকিৎসার অংশ হিসেবে তাঁর হাত কেটে ফেলতে হয়।
বিপ্লবের সঙ্গে সম্পর্কের গুঞ্জন উড়িয়ে দিয়ে জানা গেছে, স্থানীয় অন্তত ১০ জন প্রত্যক্ষদর্শীর তথ্যের ভিত্তিতে এ ঘটনা নিশ্চিত হওয়া গেছে। কোনো প্রকার রাজনৈতিক লড়াই বা আন্দোলনের কারণে নয়, বরং ডাকাতি করতে গিয়েই পঙ্গুত্ব বরণ করতে হয়েছিল তাঁকে।
বর্তমানে আল-আমীন ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে জড়িত এবং বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নিজের অপরাধ ঢাকতে জুলাই অভ্যুত্থানের সাফাই গাওয়াসহ নানা উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। জুলাই বিপ্লবকে পুঁজি করে সুবিধা নেওয়া এমন ভুয়া ব্যক্তিদের তালিকা ও তথ্য ধারাবাহিকভাবে প্রকাশ্যে আনা হবে বলে জানা গেছে।
