রাজধানীর বারিধারায় অবস্থিত বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের বাসভবনে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে হাইকমিশনার ইমরান হায়দার ও তাঁর স্ত্রী নাইমা ইমরান হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাঁরা রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে বাসভবনে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে কক্ষে কোনো বড় ধরনের আগুন ছিল না, মূল সমস্যা ছিল প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হওয়া। ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই বালতি ও মগ ব্যবহার করে প্রাথমিক আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ডা. আমিনা সুলতানার তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছে। হাইকমিশনের কর্মকর্তা ও হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দুজনের শারীরিক অবস্থাই এখন স্থিতিশীল রয়েছে এবং তাঁরা বড় কোনো বিপদের আশঙ্কামুক্ত।
