কুমিল্লার চাঞ্চল্যকর কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া একমাত্র আসামি ও সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পুলিশকে তাঁকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ জারি করেন। এর আগে গত ২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করলে ৪ আগস্ট সন্ধ্যায় তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
দীর্ঘদিন পর মামলার একমাত্র আসামি জামিন পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। এর পরই আসামির জামিন বাতিল চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে জরুরি আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
দীর্ঘ ১০ বছর তদন্তের পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরাণীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারের পর তাঁকে কুমিল্লার আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এবং রিমান্ড শেষে তিনি কারাগারেই ছিলেন।
