আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শনিবার রাতেই দলের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যানুসারে, নির্বাচনে বিরোধীদলের একক প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করতে আগামীকাল রোববার ১১ দলীয় ঐক্যের একটি শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। জামায়াত ও তাদের রাজনৈতিক মিত্রদের সমন্বয়ে গঠিত ১১ দলীয় ঐক্যের ওই বৈঠকেই চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি বৈঠকে দেশের বিরাজমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, বহুল আলোচিত সংবিধান সংস্কার ইস্যু এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
