জবাবদিহিমূলক, নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক ঢাকা উত্তর সিটি করপোরেশন গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে তাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই হওয়া উচিত মূল লক্ষ্য।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর ভাষানটেক থানায় বিশিষ্ট নাগরিক, আলেম-ওলামা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী, কৃষিবিদ, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে আয়োজিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ ইয়াছিন আরাফাত এবং বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আলী হাসান ওসামা। অনুষ্ঠানে ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনও উপস্থিত ছিলেন।
ভাষানটেক থানা জামায়াতের আমির ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাষানটেক থানা নায়েবে আমির মো. আব্দুর রহিম, থানা সেক্রেটারি মোহাম্মদ ইকবাল হোসেন খানসহ থানা শূরা ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে মেজর (অব.) সাইফুল ইসলাম, মেজর (অব.) রিয়াজ হোসেন, মেজর (অব.) মোহাম্মদ জিল্লাল হোসেন, কমান্ডার সিদ্দিকুর রহমান, বিশিষ্ট কৃষিবিদ ড. আব্দুল মান্নান ও হাজি সিদ্দিক আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
মতবিনিময় সভায় ভাষানটেক এলাকার বিভিন্ন সমস্যা, নাগরিক সেবা, জনকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। পাশাপাশি একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে বিভিন্ন পরামর্শ দেন।
অনুষ্ঠানে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বক্তারা বলেন, সুন্দর, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব সমাজ গঠনে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের পাশাপাশি সর্বস্তরের নাগরিকদের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। জনগণের সঙ্গে নিয়মিত মতবিনিময়, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তারা গুরুত্বারোপ করেন।
