লালমনিরহাটের কালীগঞ্জে ওমানপ্রবাসীর ঘরের দরজা ভেঙে তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কৃষক দল নেতা শাহ আলমের বিরুদ্ধে। তিনি চলবলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী গ্রামে ঘটে যাওয়া এই হামলার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুহুলী এলাকার ওমানপ্রবাসী মান্নানের পরিবারের সঙ্গে জমিজমা নিয়ে অভিযুক্ত শাহ আলমের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে শাহ আলম ও তাঁর অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে প্রবাসীর বসতবাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালান। এ সময় প্রবাসীর স্ত্রী রোজিনা বেগম বাঁধা দিতে গেলে তাঁর ওপর হামলা চালিয়ে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার বিষয়ে অভিযুক্ত কৃষক দল নেতা শাহ আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, বিষয়টি সম্পর্কে তারা অবহিত হলেও এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
