দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার (২০ আগস্ট)। জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। নির্বাচনে ভোট দেওয়ার কথা রয়েছে ৩৪৯ জন সংসদ সদস্যের।
তবে অসুস্থতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। চিকিৎসার জন্য বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
ভোট দিতে না পারার বিষয়টি জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছেন মির্জা আব্বাস। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
জাতীয় সংসদের ৩৫০টি আসনের মধ্যে চট্টগ্রাম-৪ আসন শূন্য থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার রয়েছেন ৩৪৯ জন সংসদ সদস্য। তবে মির্জা আব্বাস দেশের বাইরে থাকায় এবার কার্যত ভোট দিতে পারবেন ৩৪৮ জন সংসদ সদস্য।
প্রায় ৩৫ বছর পর আবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ১১ দলীয় ঐক্যের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সংসদ সদস্যরা ব্যালটের মাধ্যমে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
