নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন ইসলামি রাজনৈতিক দল ছেড়ে ১৩০ জন আলেম-উলামা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। বুধবার (২৬ আগস্ট) বিকালে কেন্দুয়া উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সদ্য যোগদানকারী আলেমদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন সদস্যদের স্বাগত জানান। এ সময় নেত্রকোণা জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনীম আলম, সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান এবং কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি ও কেন্দুয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুর রশিদ নুরানী জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল মূলত ইসলামী মূল্যবোধ, সম্প্রীতি ও সুস্থ ধারার রাজনীতি চর্চা করে। এই আদর্শের প্রতি আস্থা রেখেই খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নিজ দল ছেড়ে ওলামা দলে যুক্ত হয়েছেন।
যোগদানকারীদের মধ্যে হাজী মো. মজিবুর রহমান রাহমানির নেতৃত্বে ৩০ জন, বলাইশিমুল ইউনিয়নের খেলাফত মজলিস সভাপতি হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাবের নেতৃত্বে ৩০ জন এবং মোজাফফরপুর ইউনিয়নের জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফেজ মাওলানা দিদারুল ইসলামের নেতৃত্বে ২০ জন আলেম রয়েছেন। এছাড়া খেলাফত আন্দোলনের ২৫ জন এবং ইসলামী আন্দোলনের ২৫ জন আলেম দলটিতে যুক্ত হন।
অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ সদ্য যোগদানকারী আলেম-উলামাদের অভিনন্দন জানান। একই সাথে আলেম সমাজকে সঙ্গে নিয়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম ও আন্দোলন-সংগ্রামকে তৃণমূল পর্যায়ে আরও বেশি গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
