চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দীনের বিরুদ্ধে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদের ভিপি রিপুল চাকমাকে হুমকি ও আক্রমণের চেষ্টার মারাত্মক অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ভিপি রিপুল চাকমা দাবি করেছেন, ছাত্রদল নেতা নাসিম তাঁকে প্রকাশ্যে হুমকি দিয়ে বলেছেন, ‘চাকসুর মেয়াদ গুনে গুনে ২৮ দিন, এরপর পিটিয়ে বের করব।’ ঘটনাটি একটি অডিও রেকর্ডেও উঠে এসেছে বলে তিনি জানান।
ঘটনার বিবরণে জানা যায়, হলের সিট দখল ও অবৈধ শিক্ষার্থী ওঠা কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধের জেরে এই উত্তেজনার সূত্রপাত। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলে সাধারণত ৬০% সিট বৌদ্ধ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকে। তবে দীর্ঘ দিন ধরে হলে অবৈধভাবে সিট দখলের অভিযোগ রয়েছে। সম্প্রতি এক নতুন শিক্ষার্থী অবৈধভাবে হলে উঠেছে এমন সংবাদের ভিত্তিতে ভিপি রিপুল চাকমা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হল চেকিংয়ের আবেদন জানান।
সেই আবেদনের প্রেক্ষিতে হলের সিনিয়র আবাসিক শিক্ষক নূরে আলম হল চেকিংয়ে যান এবং হল সংসদের সহযোগিতা চান। তখন হল সংসদের ভিপি, দপ্তর সম্পাদক এবং সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক স্যারকে সাহায্য করতে গেলে সিনিয়র শিক্ষকের সামনেই চবি ছাত্রদল নেতা শেখ নাসিম উদ্দীন ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি অশালীন বক্তব্য দেওয়ার পাশাপাশি ভিপি রিপুল চাকমার ওপর আক্রমণের চেষ্টা চালান এবং মেয়াদ শেষে পিটিয়ে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন।
পরবর্তীতে পরিস্থিতি মারাত্মক উত্তপ্ত হয়ে উঠলে হলের অন্যান্য আবাসিক শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভিপি রিপুল চাকমা জানান, তিনি নিজের জীবনের নিরাপত্তা ও বিচার চেয়ে দ্রুতই প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দায়ের করবেন।
