অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
একই সঙ্গে এসব ভুয়া পোর্টাল ও গুজব ছড়ানো পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিটের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
ন্যাশনাল লয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে হাইকোর্টে এ রিট আবেদনটি দায়ের করেন এবং আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন। রিট আবেদনে উল্লেখ করা হয়, দেশে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ব্যবহার করে প্রতিনিয়ত গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা দ্রুত বন্ধ করা জরুরি।
আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করে রিটকারী আইনজীবী জানান, হাইকোর্টের নির্দেশনার ফলে বিটিআরসি চেয়ারম্যানকে এখন এসব অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও গুজব ছড়ানো পেজ শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
