কক্সবাজারের টেকনাফে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ টেকনাফ পৌর কৃষক দলের আহ্বায়ক মনির আলম প্রকাশ বাদশাসহ তিনজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
আটক অন্য দুই সদস্য হলেন টেকনাফ সদর শীলবনিয়া পাড়ার কফিল উদ্দিন এবং মৌলভী পাড়ার রবি আলম। কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডেইল পাড়ায় বাদশার নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। অভিযানকালে ইয়াবার পাশাপাশি নগদ অর্থ ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় কোস্ট গার্ড বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার আদালতে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, আটক কৃষক দল নেতা মনির আলম প্রকাশ বাদশা একজন চিহ্নিত মাদককারবারি। এর আগেও ২০২১ সালে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ২৬ হাজার ৬৩৫ পিস ইয়াবাসহ তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন।
