ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) পরীক্ষার হলে মোবাইল ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ‘জেমিনি’ ব্যবহার করে উত্তর লেখার অপরাধে এক ছাত্রদল নেতাকে সংশ্লিষ্ট পরীক্ষাসহ পরবর্তী আরও দুটি পরীক্ষা থেকে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট পরীক্ষা বাতিলসহ দুই বছরের দীর্ঘ শাস্তির মুখে পড়লেন অভিযুক্ত শিক্ষার্থী।
দণ্ডপ্রাপ্ত ফাতহুন কারিব চৌধুরী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের (১৮তম ব্যাচ) ছাত্র এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সক্রিয় সদস্য। গত ১১ জুন অনুষ্ঠিত দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা চলাকালে দুই পায়ের মাঝে মোবাইল ফোন রেখে প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি পরিদর্শকের হাতে ধরা পড়েন।
পরবর্তী তদন্তে কারিবের মোবাইল ফোনে সার্চ করা জেমিনির ফলাফলের সাথে তাঁর জব্দকৃত উত্তরপত্রে লেখা উত্তর হুবহু মিলে যায়। পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরেই সকাল ১০টা ১৭ মিনিটে তাঁর উত্তরপত্র ও আলামত জব্দ করে পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে পাঠানো হয়।
বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা পরিষদে উত্থাপিত হওয়ার পর গত ৩১ আগস্ট অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ শাস্তিমূলক ব্যবস্থা অনুমোদিত হয়। সম্প্রতি ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শাস্তির তথ্য নিশ্চিত করে জানানো হয়, অসদুপায় অবলম্বনের কারণে তাঁকে ‘পরীক্ষা +২’ মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসনিক এই শাস্তি দেওয়া হয়েছে।
