রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগে ছয় পর্যটককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে একটি পর্যটকের দল গাড়িতে করে সাজেকের উদ্দেশে রওনা হয়। সকালে বাঘাইহাট বাজার এলাকায় গাড়িগুলো যানজটে পড়লে গাড়ির ভেতর থেকে তারা ‘জয় বাংলা’ ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই ছয় পর্যটককে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন— ব্রাহ্মণবাড়িয়ার ফারদিন এহসান হৃদয় (২৪) ও ইয়াছিন (৩২), হবিগঞ্জের সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬) ও রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালীর মো. সাইফুল ইসলাম (২৭)।
সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফাজ্জল হোসেন আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
