জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করে বলেছেন, নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে বাকস্বাধীনতা নিশ্চিত করার কথা বললেও এখন সরকারের সমালোচনা করলেই মানুষকে আটক করা হচ্ছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
সমাবেশে বাকস্বাধীনতার চর্চা নিয়ে প্রশ্ন তুলে সারজিস আলম বলেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়ে এখন সেটির খেলাফ করা হচ্ছে। সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করা মাত্রই আটকের যে ধারা শুরু হয়েছে, সেই ‘নাটক’ অবিলম্বে বন্ধ করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
ফ্যামিলি কার্ড ও স্থানীয় দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি অভিযোগ করেন, দেড় শ টাকার খাবারের নামে লোকদেখানো উদ্যোগ নেওয়া হচ্ছে। অথচ কেবল ফ্যামিলি কার্ড ছাপানোর প্রক্রিয়াতেই প্রায় ২৫০ কোটি টাকার লুটপাট ও অনিয়ম হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
রংপুরের আঞ্চলিক বৈষম্য ও চিকিৎসার বেহাল দশা তুলে ধরে এই এনসিপি নেতা বলেন, উত্তরবঙ্গের একমাত্র ভরসা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজার ছশ সিটের বিপরীতে প্রতিদিন তিন হাজারের বেশি রোগী ভর্তি থাকে। হাসপাতালের বর্তমান করুণ অবস্থাকে ফিলিস্তিনের শরণার্থী শিবিরের সঙ্গে তুলনা করেন তিনি। পাশাপাশি বছরের পর বছর পার হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেন।
জুলাই আন্দোলনের চেতনা ও প্রতিশ্রুতি স্মরণে রেখে তিনি সতর্ক করে দেন, জনগণের সঙ্গে কোনো ধরনের প্রতারণা করা হলে রক্তের বিনিময়ে তা প্রতিরোধ করা হবে। একইসঙ্গে তারেক রহমান ও তাঁর সরকার যদি দ্রুত ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে, তবে জনগণ বিএনপিকে ‘নাফরমান দল’ হিসেবে গণ্য করবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
