নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে এক রিকশাচালককে আটক করে পুলিশে সমোর্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জবি ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক রিকশাচালক প্রধান ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিলে সেখানে উপস্থিত জবি ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে আটক করেন। পরে তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ওই রিকশাচালক বরগুনার বাসিন্দা এবং তাঁর নাম মনির বলে জানা গেছে। তবে তাঁর সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জবি শাখা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়ক জানান, আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে তাঁরা গতকাল থেকেই ক্যাম্পাসে সতর্ক অবস্থানে আছেন। দুপুরের দিকে ওই রিকশাচালকের সন্দেহজনক আচরণের কারণে তাঁকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ছাত্রদলের নেতাকর্মীরা একজনকে থানায় সমোর্পণ করেছেন। আটক ব্যক্তিকে হয়তো শারীরিকভাবে প্রহার বা মারধর করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসার জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে এবং সুস্থ হওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ ও জিজ্ঞাসাবাদ করা হবে।a
