পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থনে এবং তাঁর মুক্তির দাবিতে আগামী ২৭ সেপ্টেম্বর সারাদেশে বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। রাজধানীতে ঘোষিত ওই পদযাত্রা কর্মসূচির আগেই লাহোর থেকে ইমরান খানের বোন আলিমা খানমকে গ্রেপ্তার করা হয়েছে। পিটিআই নেতারা এই ঘটনাকে অগণতান্ত্রিক ও বেআইনি আটক বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
লাহোরের ডেপুটি কমিশনারের জারি করা ৩০ দিনের আটকাদেশে বলা হয়েছে, আলিমা সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভার মাধ্যমে কর্মী-সমর্থকদের সংগঠিত করে সরকারবিরোধী মনোভাব উসকে দিচ্ছিলেন। জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় তাঁকে মোট ৩০ দিনের জন্য লাহোরের ঐতিহাসিক কোট লাখপত কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইমরান খানের কারাবাস, স্বাস্থ্য সুরক্ষা ও আইনি লড়াই নিয়ে আলিমা দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে ও সংবাদমাধ্যমে সোচ্চার ভূমিকা রেখে আসছিলেন। তাঁর পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের পর তাৎক্ষণিকভাবে স্বজনদের কাছে তাঁর সুনির্দিষ্ট অবস্থান গোপন রাখা হয়। আলিমার ছেলে শাহরেজ খান সামাজিক মাধ্যমে মায়ের নিরাপদ প্রত্যাবর্তন ও অবিলম্বে মুক্তির জোর দাবি জানিয়েছেন।
এদিকে পিটিআইয়ের প্রস্তাবিত ২৭ সেপ্টেম্বরের ‘জাস্টিস মার্চ’ রুখতে কঠোর অবস্থানে রয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, যেকোনো ধরনের অস্থিতিশীলতা ঠেকাতে সর্বোচ্চ আইনগত পদক্ষেপ নেওয়া হবে। সম্ভাব্য পদযাত্রা ঠেকাতে ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদের গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও সড়কগুলোতে শিপিং কনটেইনার বসিয়ে অবরুদ্ধ করে রাখার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট থেকে তোশাখানা মামলা সহ একাধিক মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে করাগারে রয়েছেন ৭৩ বছর বয়সী ইমরান খান। রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও জমি দুর্নীতি মামলাসহ শতাধিক মামলার মুখোমুখি এই নেতাকে সম্প্রতি স্বাস্থ্যের অবনতি ঘটায় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে স্থানান্তরও করা হয়েছিল।
