জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যেকোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল নিউইয়র্ক বিএনপি। অতীতে বিমানবন্দরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি রুখতেই দলটি এই কঠোর নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করে।
স্থানীয় সময় সোমবার বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারী তুর্কি এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে প্রধানমন্ত্রী পৌঁছানোর অনেক আগেই টার্মিনাল-১ এর বাইরে নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী সুসংগঠিতভাবে পাহারা ও অবস্থান নেন।
বিএনপি নেতারা জানান, ২০২৫ সালে জাতিসংঘের অধিবেশনে তৎকালীন প্রতিনিধিদলের শীর্ষ নেতাদের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীদের ডিম নিক্ষেপ ও হট্টগোলের নজির থেকে শিক্ষা নিয়েই এবার রাজপথে সতর্ক অবস্থান নেওয়া হয়। সচেতন নেতা-কর্মীদের উপস্থিতি ও পাহারার কারণে প্রতিপক্ষ বা উসকানিমূলক কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ পায়নি।
নিউইয়র্ক দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা নিশ্চিত করেন, মার্কিন নিরাপত্তা বাহিনীর তৎপরতা এবং স্থানীয় নেতা-কর্মীদের সুসংগঠিত অবস্থানের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সফরসঙ্গীরা নির্বিঘ্নে বিমানবন্দর ত্যাগ করতে পেরেছেন। বিমানবন্দরে পৌঁছানোর পর দলীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান।
